ভিডিও কনফারেন্সে অফিস করলেন পলক

২৩ মার্চ, ২০২০ ১৮:০৬  
আইসিটি টাওয়ারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববার অফিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নাটোর জেলা প্রশাসনের সাথে মতবিনিময় ছাড়াও এদিন তিনি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি), বিজনেস কনটিনিউয়িং প্ল্যান (বিসিপি) এর মাধ্যমে নিরবচ্ছিন্ন নিরাপদ নেটওয়ার্ক, ঘরে বসে স্বাস্থ্য সেবা, ঘরে বসে শিক্ষা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং ঘরে বসে বিনোদনসহ গুরুত্বপূর্ণ সেবা চালু রাখতে কর্মপরিকল্পনা প্রণয়নে তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হক, এটুআই এর পলিসি এডভাইজার আনীর চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করেন। এছাড়াও ভিডিও কনফারেন্সিংয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্ত হন বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক, তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন প্রকল্পের পরিচালকরা।